শিগগিরই আসছে গ্যালাক্সি এম৫২ ফাইভজি
উন্মোচনের খুব কাছাকাছি সময়ে চলে এসেছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন। গ্যালাক্সি এম৫২ ফাইভজি মডেলের এই স্মার্টফোনটি ইতিমধ্যেই ব্লুটুথ সার্টিফিকেশন পেয়েছে। খবর জিএসএম এরিনা।
ব্লুটুথ সিগ-এর ওয়েবসাইটে দুইটি মডেল কোডে তালিকাভুক্ত হয়েছে গ্যালাক্সি এম৫২ ফাইভজি। এগুলো হলো এসএম-এম৫২৬বি_ডিএস এবং এসএম-এম৫২৬বিআর_ডিএস। এখানে ডিএস দিয়ে ডুয়াল সিম সাপোর্ট বোঝাচ্ছে।
সার্টিফিকেশন প্রদানকারী কর্তৃপক্ষ অবশ্য ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি ছাড়া আর কোনো তথ্য প্রকাশ করেনি। তবে বিভিন্ন মাধ্যমে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, নতুন এই ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হচ্ছে। এছাড়া ১২৮ গিগাবাইট স্টোরেজ নিয়ে ৬ গিগাবাইট ও ৮ গিগাবাইট র্যামের সংস্করণে ফোনটি বাজারে আসবে।
সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৩.১ থাকবে। সাথে থাকছে নক্স ৩.০ সিকিউরিটি স্যুট।
ফোনটিতে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৫ ওয়াটের অ্যাডাপ্টর থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। আর পিছনে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে।
ডিবিটেক/বিএমটি